আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৪, ১৬ অক্টোবর ২০২৬

দিল্লিতে তেরঙ্গা যাত্রার আগেই আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে

দিল্লিতে তেরঙ্গা যাত্রার আগেই আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে লেহরা দো তিরঙ্গা (তেরঙ্গা যাত্রা) কর্মসূচি শুরুর আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলটির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। একই সঙ্গে ছাত্রনেতা নেহা বোরাকেও আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। কর্মসূচি ঘিরে দিল্লির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেস ও আশপাশে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত কর্মসূচি শুরুর আগে দীপকের অবস্থানস্থলে গিয়ে পুলিশ তাকে মিছিল না করার নির্দেশ দিয়ে একটি নোটিশ দেয়। বিভিন্ন প্রতিবেদনে তার অবস্থান হিসেবে দিল্লির কারোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ির কথা উল্লেখ করা হয়েছে। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কনট প্লেস এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ অবস্থায় অনুমতি ছাড়া মিছিল বা বড় ধরনের জমায়েত করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

পুলিশের নোটিশের জবাবে দীপকে কর্মসূচি বন্ধের নির্দেশ নিয়ে আপত্তি জানান। সিজেপির প্রকাশ করা একটি ভিডিওতে তাকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে এবং নোটিশের ভাষা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। 

তিনি বলেন, তারা কোনো লাউডস্পিকার ব্যবহার করছেন না কিংবা কর্মসূচিকে বিক্ষোভ সমাবেশ হিসেবেও ঘোষণা করছেন না; তারা শুধু জাতীয় পতাকা হাতে যাবেন এবং পতাকা উড়িয়ে ফিরে আসবেন। জাতীয় পতাকা ওড়ানো বেআইনি কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। নোটিশে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে ভিডিওটির বরাতে এনডিটিভি জানিয়েছে। অভিযোগের প্রমাণ হিসেবে কোনো ভিডিও দেখানো সম্ভব হবে না বলেও দাবি করেন দীপকে। জাতীয় পতাকা ওড়ানোর জন্য কারাগারে যেতে হলেও তিনি প্রস্তুত এমন বক্তব্যও দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের আদলে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে বিরোধীরা: রাজনাথ সিং

এক সপ্তাহের মধ্যে এটি দীপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে দিল্লির যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে আসার পর বিমানবন্দরে তাকে আটক করা হয়েছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়। এবারও কর্মসূচির অনুমতি না থাকা এবং এলাকায় জারি করা নিষেধাজ্ঞার বিষয়টি সামনে এনে তাকে আটকের পদক্ষেপ নেয় পুলিশ। তবে আটকের ঘটনাকে শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের চেষ্টা হিসেবে দেখছে সিজেপি। 

দলটির দাবি, তাদের আন্দোলনের উদ্দেশ্য সরকার পরিবর্তন নয়; বরং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিশ্চিত করে নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার দাবি জানানো।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সিজেপি ও কয়েকটি যুব সংগঠন। দলটির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তার এবং জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে লেহরা দো তিরঙ্গা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গত বুধবার দীপকে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর আগে যন্তর মন্তরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও স্থানটি নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ পড়ায় সেন্ট্রাল পার্ককে নতুন কর্মসূচির স্থান হিসেবে বেছে নেয় দলটি।

এদিকে কর্মসূচি ঘিরে কনট প্লেসে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। পাশাপাশি প্রশাসনিক কারণ দেখিয়ে শুক্রবার ও শনিবার দুই দিনের জন্য সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। কর্মসূচিতে অংশ নিতে এলাকায় জড়ো হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করার পদক্ষেপও নেয় পুলিশ।

পুলিশের বক্তব্য, জাতীয় পতাকা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা নেই; তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা বিধিনিষেধ অমান্য করে অনুমতিহীন জমায়েত করা যাবে না। অন্যদিকে, সিজেপির নেতারা তাদের কর্মসূচিকে জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার উদ্যোগ হিসেবে তুলে ধরছেন। ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক প্রতিবাদ, সমাবেশের অনুমতি এবং প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দিল্লিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়