লালমনিরহাটে রান্নাঘরের মাটির নিচ থেকে মাদক উদ্ধার, গ্রেফতার ২
ছবি: নিউজবাংলাদেশ
লালমনিরহাটের আদিতমারীতে রান্নাঘরের মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। অভিযানে ২৩০০ বোতল আমদানিনিষিদ্ধ সিরাপ ও ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারীর দক্ষিণ তালুকপলাশী (বাওয়ারচারা) এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ তালুকপলাশী এলাকার আব্দুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইশোরকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জীমবাবু (১৮)।
এসআরবি-১৩ সূত্র জানায়, হাবিবুর রহমানের বসতবাড়িতে মাদক মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদের একটি চৌকস দল। তল্লাশিকালে রান্নাঘরের মাটির নিচে পুতে রাখা বিশেষ ড্রাম থেকে ৩১ বোতল এস্কাফ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি অপর আসামি জীমবাবুর দেহ তল্লাশি করে ১৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
অভিযান শেষে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








