ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩১, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:৩৫, ১৬ অক্টোবর ২০২৬

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু দুর্গোৎসব

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু দুর্গোৎসব

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। আজ মহাষষ্ঠী। মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গোৎসব। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এই উৎসব।

প্রচলিত নিয়মে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদ্‌যাপিত হয়। তবে এ বছর তিথির বিশেষ বিন্যাসের কারণে পূজার আনুষ্ঠানিকতা ছয় দিন ধরে চলবে। সূচি অনুযায়ী, আগামী শনিবার মহাসপ্তমী, রোববার অতিরিক্ত সপ্তমী তিথির পূজা, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী উদ্‌যাপিত হবে। এরপর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

এবার দেবী দুর্গার আগমন ঘোটকে বা ঘোড়ায় এবং গমন নৌকায়। হিন্দু শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা প্রতিবছর মর্ত্যলোকে বাপের বাড়িতে আসেন। অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হলে অশুভ শক্তির বিনাশে সম্মিলিত হন তাঁরা। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি।

তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা তিনটি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।

আরও পড়ুন: প্রতিমা বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ মিলছে না কারিগরদের

ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মণ্ডপগুলোতে উদ্‌যাপিত হবে শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের আয়োজন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়