নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৯, ১০ অক্টোবর ২০২৬

২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ফাইল ছবি

হিজরি বর্ষপঞ্জির নবম ও ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম মাস রমজান শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। তবে আন্তর্জাতিক ও স্থানীয় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশ বিশ্লেষণ করে মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও স্থানীয় গণমাধ্যমগুলোর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির নিয়ম অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত সময়সূচি নির্ভর করবে খালি চোখে বা টেলিস্কোপে নতুন চাঁদ দেখার ওপর। 

প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর ভিত্তি করে আগামী বছরের ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার উদ্‌যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

আরও পড়ুন: ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (EAS)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর অন্যতম শীর্ষ সদস্য ইব্রাহিম আল জারওয়ান এই জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাষ প্রদান করেন। 

তিনি জানান, আগামী বছরের রমজান মাসের সম্ভাব্য সূচনা পর্বের আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জিতে আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করতে হবে।

সংবাদমাধ্যমে প্রকাশিত অতিরিক্ত তথ্যসূত্রে জানা যায়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের সূচনা পর্ব অতি নিকটে। মধ্যপ্রাচ্যের আকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুসারে, শনিবার সূর্যাস্তের পর আকাশে নতুন চাঁদের সেন্ট্রাল কনজাংশন বা জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটে। ফলে রবি বা সোমবারের মধ্যে নতুন হিজরি মাসের চাঁদ দৃশ্যমান হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী চন্দ্র মাসগুলোর সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বের কোটি কোটি মুসলিম হিজরি বর্ষপঞ্জির ভিত্তিতে রোজা ও ঈদের সময়সূচি গণনা করে থাকেন। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই মুসলিম বিশ্ব চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেও, আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক প্রযুক্তি ও সুনির্দিষ্ট গণনার ফলে এখন অনেক আগেই সম্ভাব্য তারিখ জানা সম্ভব হচ্ছে। তবে যথারীতি সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়