হামের উপসর্গে আরও ৮ মৃত্যু
ফাইল ছবি
দেশে হাম পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত ও সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়। তবে এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩১ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে করে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জনে। পাশাপাশি ২৪ ঘণ্টায় আরও ৯৫৫ জনের শরীরে হামের বিভিন্ন লক্ষণ ও উপসর্গ দেখা গেছে। ফলে দেশে এ পর্যন্ত মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪৯
সংক্রমণের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে চলতি সময় পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৫৫ জন। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ১০৪ জন এবং হামের উপসর্গ বা জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে।।
হাসপাতালের চিকিৎসা ও সুস্থতার চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন সরকারি ও বিশেষায়িত হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী। চিকিৎসা সেবা শেষে এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন। আক্রান্ত রোগীদের সিংহভাগই শিশু হওয়ায় সারাদেশের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা ও চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








