মক্কা-মদিনার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
মক্কা ও মদিনার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মক্কা প্যাক্টে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত, সেই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সবার জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা জাতিসংঘসহ বিশ্বব্যাপী কাজে লাগানো সম্ভব। শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে মক্কা প্যাক্টের উদ্যোগ বা জোটের বিষয়ে ইতিবাচকভাবে চিন্তা করতে বাংলাদেশের কোনো সমস্যা নেই।
সৌদি আরবের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, আগে দুই দেশের সম্পর্ক মূলত শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল ছিল। এখন এ সম্পর্ককে আরও আধুনিক ও বহুমাত্রিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শ্রমবাজারকেন্দ্রিক সম্পর্কের বাইরে গিয়ে জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। পাশাপাশি দক্ষ ও পেশাদার জনশক্তি পাঠানোর বিষয়েও সৌদি আরবের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে।
সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার, উচ্চপর্যায়ের সফর ও বিনিয়োগ অংশীদারত্বের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। একইভাবে বাংলাদেশের পক্ষ থেকেও যোগাযোগ বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন শুধু সহায়তানির্ভর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। এটি কোনো টেকসই নীতি নয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই সৌদি আরব সফর করবেন। তবে সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তারিখ চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ বা প্রতিক্রিয়া এসেছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি আগেই উত্তর দিয়েছেন।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
পবিত্র মসজিদ ও স্থানগুলোর নিরাপত্তায় সৌদি আরবে বাংলাদেশি সেনা পাঠানোর কোনো পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পবিত্র স্থানগুলোর বিষয়ে প্রয়োজনীয় যেকোনো সহায়তা চাইলে বাংলাদেশ তা দিতে প্রস্তুত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








