সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা
ছবি: সংগৃহীত
২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জন মার্কিন সেনাকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে পেন্টাগন।
শুক্রবার (৯ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে নিরস্ত্র সেনাদের ওপর বন্দুক নিয়ে হামলা চালান তৎকালীন মার্কিন সেনাবাহিনীর মেজর নিদাল হাসান। ওই হামলায় ১৩ জন নিহত হন। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষও পর্দায় এ দৃশ্য সরাসরি দেখতে পারবেন।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুডে নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে। গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের এ পদ্ধতি ফায়ারিং স্কোয়াড নামে পরিচিত।
আরও পড়ুন: সৌদিতে সেনা মোতায়েনের তথ্য নিশ্চিত করল পাকিস্তান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো মার্কিন সেনাসদস্যের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হিসেবে এটিকে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








