তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১০ অক্টোবর ২০২৬

এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিও শনাক্ত করবে গুগলের নতুন টুল

এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিও শনাক্ত করবে গুগলের নতুন টুল

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদিত ছবি, ভিডিও এবং অডিও শনাক্ত করার জন্য গুগলের তৈরি নতুন ওয়েব টুল সিন্থআইডি ডিটেক্টর এখন সবার জন্য উন্মুক্ত হয়েছে। বিনা মূল্যে ব্যবহারযোগ্য এই টুলের মাধ্যমে কোনো কনটেন্টে গুগলের সিন্থআইডি ওয়াটারমার্ক রয়েছে কি না, তা পরীক্ষা করা যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গুগল, ওপেনএআই, এনভিডিয়া ও কাকেওর এআই টুল দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করতে পারবে সিন্থআইডি ডিটেক্টর। তবে টুলটি ব্যবহার করতে গুগল, ওপেনএআই অথবা অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।

অ্যাপলের ইমেজ প্লেগ্রাউন্ড-এর মতো এআই ফিচার দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে সক্ষম প্রথম দিকের টুলগুলোর একটি হতে যাচ্ছে এটি। গুগল জানিয়েছে, অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি ও সম্পাদিত ছবি শনাক্তের সুবিধাও শিগগিরই যুক্ত করা হবে।

এক বছরেরও বেশি সময় ধরে সিন্থআইডি ডিটেকর নিয়ে কাজ করছে গুগল। এর আগের সংস্করণগুলো সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ব্যবহারের জন্য সহজলভ্য করা হয়েছিল। এখন যে কেউ সিন্থআইডি ডটকম ওয়েবসাইটে গিয়ে কনটেন্ট পরীক্ষা করতে পারবেন।

গুগলের সার্কেল টু সার্চ ফিচার ও জেমিনাই অ্যাপের মাধ্যমেও সিন্থআইডি ওয়াটারমার্ক এবং সিটুপিএ কনটেন্ট ক্রেডেনশিয়াল শনাক্ত করার সুবিধা রয়েছে। তবে আলাদা ওয়েবসাইট চালুর ফলে এসব সুবিধা ব্যবহার করা আরও সহজ হবে, বিশেষ করে যারা গুগলের এআই টুল ব্যবহার করেন না, তাদের জন্যও।

সিন্থআইডি ডিটেক্টর চালু হলেও এআই দিয়ে তৈরি সব ধরনের কনটেন্ট শনাক্ত করা সম্ভব নয়। বিভিন্ন প্রতিষ্ঠান ওয়াটারমার্ক তৈরিতে ভিন্ন ভিন্ন প্রযুক্তি ও মানদণ্ড ব্যবহার করে। ফলে কোনো কনটেন্টে শনাক্তযোগ্য ওয়াটারমার্ক না থাকলে টুলটি সেটিকে এআই দিয়ে তৈরি বলে চিহ্নিত করতে নাও পারে। কিছু পরিস্থিতিতে কনটেন্ট থেকে ওয়াটারমার্ক মুছে ফেলার সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া, সম্পূর্ণ এআই দিয়ে তৈরি কনটেন্ট এবং সাধারণ কনটেন্টে এআই ব্যবহার করে সম্পাদনা করা কনটেন্টের মধ্যে পার্থক্য করতে পারে না টুলটি। কোনো ছবি, ভিডিও বা অডিও ঠিক কীভাবে তৈরি করা হয়েছে কিংবা এর কোন অংশটি এআই দিয়ে তৈরি, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয় না এটি।

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তে অন্যান্য প্রতিষ্ঠানও কাজ করছে। মেটা এমন একটি ওয়েব টুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, যা তাদের মিউজ ইমেজ মডেল দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি শনাক্ত করতে পারে। তবে অন্য প্রতিষ্ঠানের এআই মডেল দিয়ে তৈরি ছবি শনাক্তের ক্ষেত্রে এর সক্ষমতা সীমিত।

ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠানের এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তের সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে গুগলের। এর আগে প্রতিষ্ঠানটি এআই অডিও তৈরির প্ল্যাটফর্ম ইলেভেনল্যাবসের ওয়াটারমার্ক শনাক্তের সমর্থন যুক্ত করার কথা জানিয়েছিল।

আরও পড়ুন: পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরির দাবি

গুগল জানিয়েছে, আরও বেশি এআই-নির্মিত মিডিয়া শনাক্তের সুযোগ তৈরি করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।

সব মিলিয়ে, সিন্থআইডি ডিটেক্টর এআই দিয়ে তৈরি কনটেন্ট যাচাইয়ের ক্ষেত্রে নতুন সুবিধা আনলেও এটি শতভাগ নির্ভুল নয়। তাই কোনো কনটেন্টের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে এই টুলের ফলাফলের পাশাপাশি অন্যান্য নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণও বিবেচনায় নেওয়া প্রয়োজন। সূত্র: এনগ্যাজেট

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়