হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু, আক্রান্ত ১৩৩২
ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার জন মারা গেছে। একই সময়ে সারা দেশে হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৯৩ জন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৩৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী হিসেবে ৯৬ জনকে শনাক্ত করা হয়েছে। গত একদিনে নতুন করে ১২৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২০৭ জন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৬ জনের মৃত্যু
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৬০ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ২৭০ জন, সিলেটে ২৩২ জন, বরিশালে ১৩৬ জন, খুলনায় ১১২ জন, ময়মনসিংহে ৬১ জন, রংপুরে ৩৩ জন এবং রাজশাহী বিভাগে ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, গত ১৫ মার্চ ২০২৬ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২ লাখ ১ হাজার ৬২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব নিশ্চিত রোগীর সংখ্যা ২২ হাজার ১১৬ জন। এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর মধ্যে মৃত্যুবরণ করেছে ১ হাজার ৪০ জন এবং নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।
এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৪৭১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১৮২ জন, চট্টগ্রামে ৯১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬১, খুলনায় ৪৬ জন এবং রংপুর বিভাগে ১৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








