২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৬ জনের মৃত্যু
ফাইল ছবি
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে ও রোগের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন দুজন, আর চারজন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর সকাল পর্যন্ত দেশে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ দুই শ্রেণি মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩৬ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি পরীক্ষায় ১১০ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ওই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ১ হাজার ৩৯০ জন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১৩৯৩
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ক্ষেত্রেও ঢাকাই ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিভাগ। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের দুজন ঢাকা বিভাগের, একজন সিলেটের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একই সময়ে নিশ্চিত হাম নিয়ে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের। অর্থাৎ এক দিনের ছয় মৃত্যুর চারটিই ঘটেছে ঢাকা বিভাগে।
নতুন সন্দেহভাজন রোগীর সংখ্যায়ও ঢাকার অবস্থান শীর্ষে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৭৪ জন, চট্টগ্রামে ২৩৭ জন, সিলেটে ১৪৬ জন, বরিশালে ১৩৯ জন, খুলনায় ১২৮ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৪১ জন এবং রাজশাহীতে ৩৩ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৮ জন, চট্টগ্রামে ৩৬ জন, সিলেটে ছয়জন এবং খুলনায় চারজনের শরীরে।
১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬০ জন, আর ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৮৩ জন। একই সময়ে দেশের আট বিভাগে সন্দেহভাজন রোগীর সংখ্যা যোগ হয়ে ১৫ মার্চ থেকে মোট ২ লাখ ২৯৩ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ২০ জনের।
নিউজবাংলাদেশ.কম/পলি








