স্ত্রীর আত্মহত্যায় ‘প্ররোচনা’: এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ
ছবি: সংগৃহীত
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আবারও নাকচ করে দিয়েছেন আদালত।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম (বুধবার) শুনানি নিয়ে এ আদেশ দেন।
নজরুল ইসলামের পক্ষে আইনজীবী মিজানুর রহমান ও মাহাবুবুর রহমান জামিন চেয়ে শুনানি করেন। তবে মরিয়মের মামা ওবায়দুর রহমানের জামিন আবেদন করেও শুনানিতে আসেননি তার আইনজীবী।
এমপি নজরুলের জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন-অর-রশীদ। শুনানিকালে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।
আরও পড়ুন: সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতায় জড়াচ্ছে: রিজভী
রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। মামলায় আসামি করা হয় গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে।
পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি








