আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ৭ অক্টোবর ২০২৬

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৭ অক্টোবর) আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

মামলার ৪১ আসামির মধ্যে গ্রেফতার ১১ জনকে বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা তাদের মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে পাঁচ এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করেছে।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন-  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তৎকালীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এ ছাড়া মামলায় তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এবং সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশের সাবেক ও তৎকালীন কর্মকর্তাদের মধ্যেও বেশ কয়েকজন এ মামলার আসামি। তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, তৎকালীন র‌্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সাবেক ও তৎকালীন কর্মকর্তারা।

মামলার অভিযোগে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক সত্যতা এখনো নির্ধারিত হয়নি।

আরও পড়ুন: নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

আগামী ১ নভেম্বর ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়