সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর
ছবি: সংগৃহীত
সৌদি আরবে অবস্থানরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের দেশটিতে নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে সরকার। নতুন নিয়মে এসব কর্মী তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিতে পারবেন।
বুধবার (০৭ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
নতুন নিয়মের আওতায় অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাদের যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার জন্য কর্মীর ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করতে হবে না।
তবে পরিবারের সদস্যদের ভিসা পেতে সংশ্লিষ্ট সব শর্ত পূরণ করতে হবে। যোগ্য কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সঙ্গে নিতে পারবেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে পৌঁছানোর পর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: ৪.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত
সৌদি সরকারের এই উদ্যোগের লক্ষ্য দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে বসবাসের প্রক্রিয়া আরও সহজ করা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








