নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানে থাকা ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যসহ সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার ( ৫ অক্টোবর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত মিশনে বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ছিল নাইজেরিয়ান বিমানবাহিনীর এটিআর-৪২ মডেলের উড়োজাহাজ। উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওন্দো প্রদেশের ইগবোকোডা উপকূলীয় শহরের কাছে এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক এক মুহূর্ত।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট টিনুবু। নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানোর পর বিমানবাহিনী তাদের পরিচয় প্রকাশ করবে বলে জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধানকারী দল মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নদীর কাছাকাছি এলাকায় বেশ কয়েকজনকে জড়ো হতে এবং উদ্ধারকারীদের নৌকায় করে তল্লাশি চালাতে দেখা গেছে।
আরও পড়ুন: ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর সদস্যদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি নাইজেরিয়ার অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








