সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। ছবি: সংগৃহীত
গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
রবিবার (৪ অক্টোবর) বার্তাসংস্থা নূরনিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার ঘালিবাফ বলেন, মার্কিনিরা, যারা গণমাধ্যমের সামনে ভিন্ন কথা বলে, তারা সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে তাদের মনে রাখতে হবে, প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একতরফা দাবি জানানোর সময় শেষ।
তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুবই স্পষ্ট ও দৃঢ়। জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।
এর আগে রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে ইরানের পক্ষ থেকে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সেটি মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
বিদেশি কূটনীতিকদের কাছে দেওয়া বক্তব্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরান তার শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে এসব শর্ত মেনে নিতে হবে।
আরাঘচি বলেন, ইরান আশা করে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে। তবে দেশটি যদি আবারও সামরিক পথ অনুসরণ করে, তাহলে ইরানও প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন তিনি।
আরও পড়ুন: গড় আয়ুতে ভারত-পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ
তিনি বলেন, যদি তারা আবারও সামরিক সমাধানের দিকে এগোয়, আমরা আগের চেয়ে আরও বেশি প্রস্তুত। নিজেদের রক্ষায় যা করার প্রয়োজন, আমরা তা-ই করব।
নিউজবাংলাদেশ.কম/এসবি








