শাহজালালে বিমানকর্মীদের জুতায় মিললো ১৬ কোটি টাকার স্বর্ণ
ছবি: সংগৃহীত
শাহজালালে বিমানকর্মীদের জুতায় মিললো ১৬ কোটি টাকার স্বর্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধার করা স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রবিবার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
আরও পড়ুন: ঝালকাঠিতে বসতঘরে হামলা, লুটপাটের অভিযোগে মামলা
বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ কৌশলের সঙ্গে কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








