জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৩, ৫ অক্টোবর ২০২৬

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

ছবি: সংগৃহীত

পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকশ রিকশাচালক সড়কে অবস্থান নেন।

অবরোধের কারণে জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

অবরোধ চলাকালে রিকশাচালকরা পুলিশি হয়রানি বন্ধ করো ও যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবেসহ বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনে অংশ না নিয়ে রাজধানীর অন্যান্য সড়কে রিকশা চালিয়ে যাওয়ায় কয়েকজন চালকের অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারীরা।

এক রিকশাচালক সাংবাদিকদের বলেন, রাস্তায় চলাচলের সময় পুলিশ তাদের আটক করে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা টাকা আদায় করে। তিনি এ ধরনের পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান।

প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন রিকশাচালকরা। এর আগে তারা একটি প্রতিবাদ মিছিল করেন।

আরও পড়ুন: লালমনিরহাটে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

অবরোধ তুলে নেওয়ার পর পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়