বোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তল্লাশি করে প্রবেশ
ছবি: সংগৃহীত
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত একটি ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশির পর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে টপিকেল চাইনিজ ম্যান নামের একটি আইডি থেকে ই-মেইলের মাধ্যমে হামলার হুমকি দেওয়া হয়। ওই ই-মেইলে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার কথা উল্লেখ করা হয়।
ই-মেইল বার্তায় বলা হয়, আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। এতে ৬ অক্টোবর বেলা ১১টার দিকে হামলার হুমকি দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির ই-মেইল পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানায় এবং ই-মেইলটি ফরোয়ার্ড করে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, অজ্ঞাত একটি ই-মেইল পাওয়ার বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এরই মধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান।
আরও পড়ুন: গাঁজাসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
তিনি বলেন, এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








