বাকৃবি শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখন থেকে ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। ফলে রাতেও শিক্ষার্থীরা জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এ কার্যক্রম চালু করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাতে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে জরুরি মুহূর্তে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমরা পরিবহন শাখার পরিচালকের সঙ্গে কথা বলি।
তিনি বলেন, শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স থাকবে। রাতেও পাওয়া যাবে জরুরি সেবা।
আরও পড়ুন: সায়েন্সল্যাবে ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা আমাদের প্রথম অগ্রাধিকার। পূর্বে জনবল ও ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার কারণে একটি অ্যাম্বুলেন্স সচল রাখা হতো। তবে এখন থেকে ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে, যাতে কোনো শিক্ষার্থীকে চিকিৎসার জন্য অপেক্ষায় থাকতে না হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








