আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

হজযাত্রীদের জন্য নতুন উদ্যোগ সৌদির

হজযাত্রীদের জন্য নতুন উদ্যোগ সৌদির

ফাইল ছবি

আসন্ন ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের সেবা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরব। বিদেশি হজযাত্রীদের জন্য একটি সমন্বিত ও স্বয়ংসম্পূর্ণ প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর মাধ্যমে সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরো যাত্রাপথের সব প্রয়োজনীয় সেবা একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, সম্পূর্ণ ডিজিটাল বা ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজ সরবরাহ করা হবে। প্যাকেজটির মূল কাঠামোর মধ্যে রয়েছে চারটি প্রধান সেবা পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় মানসম্মত আবাসন, অভ্যন্তরীণ যাতায়াত এবং খাবারের সুব্যবস্থা। মূল সেবার পাশাপাশি হজযাত্রীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধাও বেছে নেওয়ার সুযোগ পাবেন।

এই নতুন ব্যবস্থার অন্যতম একটি ইতিবাচক দিক হলো এর নমনীয়তা। এর ফলে বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট অনুমোদিত সংস্থাগুলো নিজ দেশের হজযাত্রীদের বিভিন্ন শ্রেণি ও চাহিদা অনুযায়ী নিজেদের মতো করে কর্মসূচি সাজাতে পারবে। 

আরও পড়ুন: ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট অথচ নমনীয় চুক্তি কাঠামো প্রস্তুত করা হয়েছে, যা সেবাদানকারী ও তীর্থযাত্রী উভয় পক্ষের জন্যই সুবিধাজনক হবে।

সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা ভিশন ২০৩০ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে এই উদ্যোগ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এ লক্ষ্যেই ১৪৪৮ হিজরি সেশনের প্রাথমিক প্রস্তুতি এখন থেকেই জোরেশোরে শুরু হয়েছে। ইতিমধ্যে বিশ্বের ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের আনুষ্ঠানিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে সৌদি কর্তৃপক্ষ। এসব বৈঠকে আসন্ন মৌসুমের পরিচালন পরিকল্পনা, নতুন বিধিবিধান ও প্রয়োজনীয় শর্তাবলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটাল অবকাঠামো ব্যাপক পরিমাণে সম্প্রসারণ করেছে সৌদি আরব। বর্তমান ব্যবস্থার অংশ হিসেবে মন্ত্রণালয়ের নিজস্ব ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই চুক্তি সম্পাদন, কার্যক্রম পরিচালনা এবং ভিসা-সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া একটি একক কাঠামোর আওতায় আনা হয়েছে। এর মূল লক্ষ্য হলো হজযাত্রী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সেবাদানকারী সংস্থাগুলোর কাজের মধ্যে নিখুঁত সমন্বয় সাধন করা, যাতে হাজিরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়