নাইজেরিয়ার জঙ্গলে মিলল ২৮ জনের মাথার খুলি
ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার দুটি জঙ্গল থেকে অন্তত ২৮ জনের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত ওই জঙ্গলগুলো থেকে উদ্ধার হওয়া এসব দেহাবশেষ অপহরণের শিকার ব্যক্তিদের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আবিয়া প্রদেশের উমুয়াকু ও নিয়াতো জঙ্গল থেকে গত শনিবার এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। উমুন্নেওচি এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান শেষে দেহাবশেষগুলোর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশের মুখপাত্র মরিন চিনাকা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছানোর আগেই সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে অপহরণের শিকার বলে সন্দেহ করা ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে।
আবিয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, জঙ্গলে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া দেহাবশেষগুলো অপহরণের শিকার ব্যক্তিদের কি না, তা নিশ্চিত করতে ফরেনসিকসহ বিভিন্ন ধরনের তদন্ত চলছে।
এক বিবৃতিতে মরিন চিনাকা বলেন, পুলিশের বিশেষ অভিযানের সদস্যরা অপরাধীদের আস্তানায় পৌঁছানোর পর তারা পালিয়ে যায়। পরে আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে অপহরণের শিকার বলে সন্দেহ করা মোট ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে ওই এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আবিয়া প্রদেশের পুলিশ কমিশনার উইলফ্রেড আফোলাবি বলেন, রাজ্যে অপরাধীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিতে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় শনাক্তের পাশাপাশি সেগুলো ওই অঞ্চলের অমীমাংসিত অপহরণ মামলাগুলোর সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। সন্দেহজনক কর্মকাণ্ড বা নিরাপত্তাসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে স্থানীয় বাসিন্দাদের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে উমুন্নেওচিতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় অপহরণের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা পচন ধরা মরদেহও উদ্ধার করা হয়েছিল।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান
নাইজেরিয়ায় অপহরণ দীর্ঘদিন ধরে একটি বড় নিরাপত্তা সমস্যা। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে মুক্তিপণের জন্য অপহরণ অপরাধী চক্রগুলোর আয়ের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব অপরাধী চক্রের মধ্যে সশস্ত্র দস্যু ও ধর্মীয় উগ্রপন্থি গোষ্ঠীও রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








