স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন

বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন

ছবি: সংগৃহীত

কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভি -এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া ও ভিসাসংক্রান্ত সেবা গ্রহণে অসুবিধার সম্মুখীন হতে পারেন।

সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানে কাজ করছে। এ অবস্থায় আবেদনকারীদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

পাশাপাশি সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব, জরুরি ভ্রমণের ক্ষেত্রে অবিলম্বে ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল পরিকল্পনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, লিসবন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় ভিসা ও নো ভিসা সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

সার্ভারটি দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার ভিত্তিতে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস।

আরও পড়ুন: বাংলাদেশকে বড় সুখবর যুক্তরাষ্ট্রের, ওষুধ রপ্তানিতে শুল্ক ছাড়

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে আবেদনকারী ও সেবাগ্রহীতাদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ব্যাংকক ও লিসবন দূতাবাস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়