আ. লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল: মুক্তিযুদ্ধমন্ত্রী
ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিরোধী দল আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। তারা লংমার্চ করে সরকারের পতন ঘটানোর কথা বলছে এবং শিগগির এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা বলছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, লংমার্চ করে বলে, এ মুহূর্তে সরকারের পতন ঘটাব। আমরা খুব তাড়াতাড়ি এক দফার ঘোষণা দেব। কীসের এক দফা, কীসের সরকারের পতন? আওয়ামী লীগের সুরে বিরোধী দল কথা বলে।
তিনি বলেন, বিএনপির কোনো এমপি বা মন্ত্রী গত সাত মাসে সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেননি। তাঁর প্রশ্ন, তাহলে কেন এ ধরনের আন্দোলন করা হচ্ছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিরোধী দল আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা দেব। জনগণ যে জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আপনাদের যত কথা, আপনারা জাতীয় সংসদে বলুন।
তিনি আরও বলেন, সব আন্দোলন, আলোচনা, সমস্যা ও ভুলত্রুটির কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ হওয়া উচিত। এর মধ্য দিয়েই সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেন তিনি।
আহমেদ আযম খান বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। সরকার দিনরাত কাজ করছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, আমরা সংসদে বিরোধী দলকে বারবার আহ্বান জানিয়েছি। আসুন বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আর জ্বালাও-পোড়াও নয়। স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে, এবার আমরা একটি গণতান্ত্রিক দেশ গড়তে চাই। আমরা অর্থনীতিকে পুনর্নির্মাণ করতে চাই।
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে থাকার সময় বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে শান্তিতে থাকতে না দেওয়ার বক্তব্য দেওয়া হয়েছিল। বর্তমান বিরোধী দলের কর্মকাণ্ডেও একই ধরনের সুর ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যে আসনগুলো পেয়েছেন, ধরে রাখার চেষ্টা করেন। নইলে এই ধরনের উসকানিমূলক কথা বললে, এভাবে অযথা লংমার্চ করলে, এক দফার আন্দোলনের কল্পকাহিনি বললে আগামী দিনে মানুষ কিন্তু ওই কয়টা আসনও দেবে না।
বিরোধী দলের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, আপনারা গঠনমূলক রাজনীতি করুন। স্বাধীনতার ৫৫ বছর পর “মানি না, মানব না” ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বাদ দিন। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করুন।
আরও পড়ুন: রাড্ডা ভাঙচুর-জবরদখল সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








