নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নভেম্বর পর্যন্ত কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ

নভেম্বর পর্যন্ত কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রাখবে কাতার। আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত এসব দেশে এলএনজি সরবরাহ করতে পারবে না দেশটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কাতার এনার্জি তাদের অনিবার্য পরিস্থিতি (ফোর্স ম্যাজেউর) ঘোষণার মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে,  গত এপ্রিলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকেই কাতারের গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। এতে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে দেশটি। রয়টার্সের হিসাবে, সংঘাতের কারণে কাতারের এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ পর্যন্ত কমেছে।

গত বছরের একই সময়ে কাতার যেখানে ৫০৯টি এলএনজি কার্গো পাঠিয়েছিল, সেখানে চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত মাত্র ১৮টি কার্গো সরবরাহ করতে পেরেছে কাতার এনার্জি।

শুধু এশিয়া নয়, ইউরোপের দেশগুলোও এ সংকটের শিকার হচ্ছে। ইতালির জ্বালানি কোম্পানি এডিসন জানিয়েছে, কাতার এনার্জি সম্প্রতি তাদের আরও ছয়টি এলএনজি কার্গো সরবরাহ বাতিল করেছে। এ নিয়ে প্রতিষ্ঠানটির মোট ৩৫টি চালানের সরবরাহ বাতিল হলো।

২০০৯ সাল থেকে কাতার এনার্জির সঙ্গে ২৫ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি রয়েছে এডিসনের। তবে সরবরাহ ঘাটতি মেটাতে প্রতিষ্ঠানটি এখন যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। ইতালির মোট গ্যাস ব্যবহারের প্রায় ১০ শতাংশ সরবরাহ করে এডিসন।

সামনে শীত মৌসুম ঘনিয়ে আসায় এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে সীমিত বৈশ্বিক গ্যাস সরবরাহ নিয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: আবারও কমলো সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এর ফলে বিশ্ববাজারে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। সম্ভাব্য সংকট মোকাবিলায় জার্মানিসহ ইউরোপের একাধিক দেশ নিজেদের গ্যাসের মজুত বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

তবে চলমান সংকট ও ভবিষ্যৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে কাতার এনার্জি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়