উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম যুগোপযোগী করার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত
প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান। একই সঙ্গে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম, মিডিয়া সেন্টার, একাডেমিক স্কুল, স্টাডি সেন্টার, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং দেশের বাইরে পরিচালিত শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা প্রান্তিক ও কর্মজীবী মানুষ, গৃহিণী, ঝরে পড়া শিক্ষার্থী এবং দুর্গম এলাকার বাসিন্দাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: সোমবার থেকেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কার করে স্বাস্থ্যসেবা চালু হবে
এ সময় উপাচার্য আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








