উত্তরে ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা
ছবি: নিউজবাংলাদেশ
দেশের উত্তরের জনপদের জেলা লালমনিরহাটে শরতের আবহের মধ্যেই ভোরের কুয়াশা ও হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের মৃদু আগমনী আভাস। মাঠ-প্রান্তর আর সবুজের বুকজুড়ে শিশির ভেজা সকালের সেই দৃশ্য জানান দিচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসছে ঋতুর পালাবদলের ক্ষণ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ১৭ আশ্বিন ১৪৩৩। সকাল সাড়ে ৬ টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের সবুজ ঘাস ও ধানের পাতায় জমে আছে শিশির বিন্দু। হালকা কুয়াশায় দূরের গাছপালা ও পথঘাট আবছা হয়ে আছে। সূর্যের আলো ফুটতেই সেই কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে শিশির ভেজা প্রকৃতি ফিরে পাচ্ছে তার আসল রূপ।
পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ সকালে তাপমাত্রা প্রায় ২৮ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আগামী কয়েকদিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।
কাকিনা চাপারতল এলাকার বাসিন্দা কুদ্দুস আলী বলেন, “কয়েকদিন ধরেই রাতের শেষভাগে কুয়াশার আভাস পাওয়া যাচ্ছে। ভোরে ঘুম ভাঙতেই চারপাশে ঠান্ডা ঠান্ডা অনুভূতি, বাতাসেও যেন শীতের মৃদু পরশ।”
তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার কৃষক আহেদুল ইসলাম আদেল বলেন,“শীত এখনো পুরোপুরি আসেনি। তবে ভোরের কুয়াশা আর রাতের ঠান্ডা জানান দিচ্ছে, শীতের দিনগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে।”
আরও পড়ুন: ৫০৬ কোটি টাকা বিল আসা সেই গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রভাষক গোলাম মোস্তফা আঙ্গুর বলেন, সকালে হালকা কুয়াশা, সঙ্গে শীতল বাতাস-প্রকৃতিতে ধীরে ধীরে শীতের আবহ তৈরি হচ্ছে। ভোরের পরিবেশে এখন সেই পরিবর্তন বেশ অনুভূত হচ্ছে। দিনের আলোয় উষ্ণতার ছোঁয়া এখনো রয়ে গেছে, কিন্তু ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর ধানের পাতায় জমে থাকা জলকণায় শীতের বার্তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। রাতের হিমেল বাতাস আর সকালের স্নিগ্ধ কুয়াশায় লালমনিরহাটের প্রকৃতি যেন নীরবে বলে উঠছে-শীত আসছে, ধীরে ধীরে, কুয়াশার চাদর আর শিশিরের মুক্তোদানা সঙ্গে নিয়ে।
জেলা প্রশাসক মুহ.রাশেদুল হক প্রধান বলেন, “তুলনামূলকভাবে লালমনিরহাট হিমালয় পর্বতমালার নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে অনেক সময় শীতের আভাস আগেভাগেই অনুভূত হয়। এখন প্রকৃতিতে শীতের মৃদু আমেজ দেখা দিচ্ছে। তবে শীতের প্রকোপ বাড়লে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় শীতবস্ত্রের প্রস্তুতি থাকবে।”
নিউজবাংলাদেশ.কম/এনডি








