ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলা কিউআরে লেনদেন হবে ফ্রি: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
ক্যাশলেস বাংলাদেশ এবং আধুনিক ডিজিটাল অর্থনীতি বিনির্মাণের লক্ষ্যে সম্পূর্ণ বিনা মূল্যের বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে দেশের সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও সার্বিক লেনদেন কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী তার বক্তব্যে সমাজের প্রান্তিক ও সাধারণ পেশাজীবীদের ডিজিটাল আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের ছোট বিক্রেতা পর্যন্ত সবাই এখন খুব সহজেই যেকোনো ব্যাংক কিংবা অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন। এই ব্যবস্থার ফলে গ্রাহক বা বিক্রেতাদের আর কষ্ট করে নগদ ক্যাশ টাকা বহন করতে হবে না, যা দৈনন্দিন আর্থিক লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে তুলবে।
আরও পড়ুন: বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা
ডিজিটাল লেনদেনের প্রাথমিক পর্যায়ে কিছু ছোটখাটো কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতার সঙ্গে এসব বাধা দ্রুত কাটিয়ে উঠতে কাজ করছে। বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেনের সহজ ও নিরাপদ মডেল ইতিমধ্যে প্রমাণিত ও অত্যন্ত সফল রূপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই সর্বজনীন চর্চাকে দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে জোরালোভাবে কাজ করে যাচ্ছে।
দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও ক্যাশলেস করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৪০ লাখ মার্চেন্ট কিউআর কোড ব্যবহার করছেন। গত কয়েক মাসের ব্যবধানে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ও ব্যবহারিক পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলা কিউআর ব্যবহারের খরচ কমাতে এবং ব্যাংক ও এমএফএসগুলোর আগ্রহ বাড়াতে অক্টোবর মাস থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে প্রতিটি যোগ্য লেনদেনে মার্চেন্টদের জন্য বিশেষ প্রণোদনা চালু করা হয়েছে।
এছাড়া, আগামী নভেম্বর থেকে গ্রাহকরা ব্যক্তিগত (পার্সোনাল) পর্যায়েও বাংলা কিউআরের মাধ্যমে সহজে লেনদেন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, লেনদেন ব্যর্থ হলে বা কোনো জটিলতা তৈরি হলে গ্রাহক সুরক্ষায় সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত দেওয়ার নতুন নীতিমালাও বাস্তবায়ন করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
সব ধরনের জটিলতা ও ফি-মুক্ত এই আধুনিক পেমেন্ট ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে কোনো দ্বিধা না রেখে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/পলি








