বিএনপি, যুব ও ছাত্রদলের মহানগর কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
ফাইল ছবি
রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সৃষ্ট তীব্র সমালোচনার মুখে অবশেষে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে বিএনপি এবং এর তিন সহযোগী সংগঠনের রাজধানী ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্তরের ১৪ জন নেতাকর্মীকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
সাম্প্রতিক সময়ে নানা অনিয়ম ও বিতর্কের মুখে পড়া বিলুপ্ত কমিটিগুলোর মধ্যে রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। মো. আমিনুল হক ও মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে জানানো হয়েছে যে খুব শীঘ্রই সেখানে নতুন কমিটি ঘোষণা করা হবে।
অন্যদিকে যুবদল ও ছাত্রদলের বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হলেও রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে মিরপুরের ওই ন্যক্কারজনক ঘটনা এবং পরবর্তীতে সৃষ্ট দেশব্যাপী সমালোচনার প্রেক্ষাপটেই হাইকমান্ড এই বড় সিদ্ধান্ত নিয়েছে।
দলীয় শৃঙ্খলা লঙ্ঘন এবং রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন স্তরের মোট ১৪ জন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কোনো ছাড় নেই: নজরুল
এছাড়া পল্লবী থানার অধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও অনৈতিক কার্যকলাপের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে মালয়েশিয়ায় বসে মিরপুরে অপরাধী চক্র, চাঁদাবাজি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের গুরুতর অভিযোগ রয়েছে।
যুবদলের পক্ষ থেকে শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, সাজ্জাদুর রহমান মিশু, মো. সোহল, কবির হোসেন ও আকবর হোসেনকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে বহিষ্কৃত হয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাইম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।
এছাড়া দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমান এবং শ্রমিক দলের চার নেতা শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর এলাকায় অবস্থিত এবং ১৯৭৪ সাল থেকে পরিচালিত সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ কাঠা জমি নিয়ে চলা দীর্ঘদিনের বিরোধের জেরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মদদে এই হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর ভাঙচুরে সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়ে ওঠে। এই ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে এবং সরকারের পক্ষ থেকেও পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে রাজনৈতিক পরিচয়ে কাউকেও অপরাধের দায়মুক্তি দেওয়া হবে না।
নিউজবাংলাদেশ.কম/পলি








