বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০১ ডলার ছাড়াল
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে শক্তিশালী হয়ে ওঠা একটি ঝড় তেল ও গ্যাস উৎপাদনে বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনাও সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থাকে এ তথ্য জানা গেছে।
বুধবার (৭ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে উঠেছে।
মেক্সিকো উপসাগরে সৃষ্ট একটি ক্রান্তীয় ঝড় দ্রুত শক্তিশালী হয়ে বছরের প্রথম আটলান্টিক হারিকেনে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে উপকূলীয় অঞ্চলের তেল ও গ্যাস উৎপাদন এবং শোধনাগারগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ৫ শতাংশ মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে হয়। ঝড়টির কারণে ছয়টি শোধনাগারের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলো দেশটির মোট পরিশোধন সক্ষমতার প্রায় অর্ধেকের প্রতিনিধিত্ব করে। দেশটির মোট পরিশোধন সক্ষমতা দৈনিক প্রায় ১ কোটি ৮২ লাখ ব্যারেল।
এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়াও বাজারে দাম বৃদ্ধির আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ২০ লাখ ৯০ হাজার ব্যারেল কমেছে। একই সময়ে পেট্রোলের মজুতও কমেছে। তবে পরিশোধিত জ্বালানি বা ডিস্টিলেটের মজুত সামান্য বেড়েছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে প্রতিদিন ৫৮ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। গত সাত থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি পাঠানো হয়েছে।
তবে এর মধ্যেও ভূরাজনৈতিক উত্তেজনা কমেনি। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর অভিযান চলার সময় এসব হামলা হয়। অভিযানে রিয়াদ আকাশপথে সহায়তা দিচ্ছে।
আরও পড়ুন: কিউ-ক্যাশের সেবা দ্রুত চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
যুক্তরাষ্ট্রে ঝড়জনিত সরবরাহ ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে আঞ্চলিক তেল রপ্তানি বাড়লেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








