লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৭, ৫ অক্টোবর ২০২৬

সঙ্গী আপনাকে ভালোবাসে কি না বুঝবেন যেভাবে

সঙ্গী আপনাকে ভালোবাসে কি না বুঝবেন যেভাবে

প্রতীকী ছবি

জীবনে কখন, কীভাবে প্রেম হাজির হবে, তা কেউ বলতে পারে না। তবে সঙ্গী আপনাকে সময় দিচ্ছেন বা সবসময় পাশে থাকছেন মানেই যে তিনি সত্যিই ভালোবাসেন, এমনটা নয়। কখনো কখনো সামাজিক মর্যাদা, আর্থিক সুবিধা কিংবা অন্য কোনো স্বার্থ থেকেও কেউ সম্পর্কে জড়িয়ে থাকতে পারেন।

সঙ্গীর মনে আসলে কী চলছে, তা সবসময় বোঝা সহজ নয়। তবে কিছু আচরণ লক্ষ্য করলে তার অনুভূতি ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

পরিচয় করিয়ে দেওয়ার ধরন
সম্পর্কে থাকলে একে অপরের পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনদের সঙ্গে পরিচিত হওয়া স্বাভাবিক। এ ক্ষেত্রে লক্ষ্য করুন, সঙ্গী আপনাকে অন্যদের সঙ্গে কীভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনার ব্যক্তিত্ব, ভালো লাগা বা গুণের বদলে যদি তিনি বারবার আপনার পদমর্যাদা, আর্থিক অবস্থা বা সামাজিক পরিচয়কে গুরুত্ব দেন, তাহলে বিষয়টি ভেবে দেখা দরকার।

প্রকাশ্যে একরকম, ব্যক্তিগত সময়ে অন্যরকম
আপনাদের সম্পর্ক নিয়ে সঙ্গী প্রকাশ্যে যতটা আগ্রহ দেখান, একান্তে তার আচরণ কেমন সেদিকেও নজর দিন। ব্যক্তিগত সময়ে যদি আপনাকে গুরুত্বহীন মনে হয় কিংবা সম্পর্কের উষ্ণতা শুধু অন্যদের দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে সম্পর্কটি নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন।

সামাজিক মর্যাদা ও সুবিধার ওপর নির্ভরশীলতা
সঙ্গীর প্রতি গর্ববোধ করা স্বাভাবিক। কিন্তু আপনার প্রতি তার মূল্যায়ন যদি মূলত আপনার সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা বা ভাবমূর্তির ওপর নির্ভর করে, তাহলে সেটি উদ্বেগের কারণ হতে পারে। আপনার সামাজিক অবস্থান বা আর্থিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে যদি তার আগ্রহও কমে যায়, তাহলে সম্পর্কটির ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

আরও পড়ুন: বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, বিশ্বাস ও নিঃস্বার্থ সহযোগিতা গুরুত্বপূর্ণ। তাই সঙ্গীর আচরণে বারবার স্বার্থের বিষয়টি স্পষ্ট হলে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কটি নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়