লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১০, ৩ অক্টোবর ২০২৬

বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

ছবি: সংগৃহীত

জীবনে একজন ভালো বন্ধু কিংবা পথপ্রদর্শককে সুখে-দুঃখে পাশে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সম্পর্ক কেবল ভালো লাগার নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে পারস্পরিক দায়িত্ব, যত্ন ও ভালোবাসা। সেই প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের উপলক্ষ হিসেবে আজ ৩ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব বয়ফ্রেন্ড দিবস।

প্রতি বছর এ দিনে বিশ্বের বিভিন্ন দেশে তরুণ-তরুণীরা তাদের প্রিয় মানুষকে ঘিরে নানা আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি, আবেগঘন ক্যাপশন ও ভালোবাসার নানা প্রকাশ।

তবে বয়ফ্রেন্ড দিবস কোনো প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দিবস নয়। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক একটি অনানুষ্ঠানিক দিবস। এর সঠিক সূচনাকাল ও উদ্যোক্তা নিয়ে একাধিক মত রয়েছে। কিছু সূত্রে ২০১৪ সালের দিকে দিবসটির প্রচলন শুরু হওয়ার কথা বলা হলেও, অন্য কিছু সূত্রে ২০১২ সাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পোস্টের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়ে ২০১৬ সালের দিকে দিবসটি অনলাইনে ব্যাপক পরিচিতি পায়।

বর্তমান সময়ে যেকোনো দিবস উদযাপনে সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়ফ্রেন্ড দিবসও এর ব্যতিক্রম নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে প্রিয় মানুষের ছবি, ভিডিও, স্টোরি ও নানা আবেগঘন বার্তা প্রকাশ করছেন অনেকে। কেউ সম্পর্কের পুরোনো ও নতুন মুহূর্তের ছবি পাশাপাশি দিয়ে স্মৃতিচারণ করছেন, আবার কেউ প্রিয় মানুষের হাত ধরা, একসঙ্গে কাটানো সময় কিংবা আড়াল থেকে তোলা কোনো ছবির মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছেন।

অন্যদিকে, দিবসটিকে ঘিরে সিঙ্গেলদের মজার পোস্ট, মিম ও ট্রলও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। ফলে ভালোবাসার প্রকাশের পাশাপাশি দিনটি অনলাইনে তৈরি করছে এক ধরনের রসাত্মক আবহ। দিবসটির জনপ্রিয়তা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও হ্যাশট্যাগের মাধ্যমেই ছড়িয়ে পড়েছে।

তবে ভালোবাসা প্রকাশের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমই একমাত্র মাধ্যম নয়। ব্যস্ত জীবনে একে অপরকে সময় দেওয়াও হতে পারে বিশেষ উপহার। প্রিয় মানুষের পছন্দের বই, গ্যাজেট, সুগন্ধি কিংবা হাতে লেখা চিঠি উপহার দেওয়ার পাশাপাশি একসঙ্গে সময় কাটানো, পছন্দের রেস্তোরাঁয় খেতে যাওয়া, লং ড্রাইভে বের হওয়া কিংবা ঘরে বসে প্রিয় সিনেমা দেখেও দিনটি উদযাপন করতে পারেন অনেকে।

সম্পর্কের ক্ষেত্রে উপহারের মূল্য নয়, বরং আন্তরিকতাই গুরুত্বপূর্ণ। প্রিয় মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা একটি ছোট বাক্য-তুমি আমার জীবনে আছ, এ জন্য আমি কৃতজ্ঞ হয়তো দামি কোনো উপহারের চেয়েও বেশি আনন্দ দিতে পারে।

আরও পড়ুন: স্মার্ট নারীর ব্যাগে যা যা থাকা জরুরি

তাই বয়ফ্রেন্ড দিবসকে ঘিরে আয়োজনের মূল বিষয় হতে পারে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও যত্নের প্রকাশ। বিশেষ একটি দিনকে উপলক্ষ করে তাকে জানিয়ে দেওয়া যায়- জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে তার উপস্থিতি কতটা মূল্যবান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়