গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড প্রিটোরিয়াসের
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। মাত্র ২০ বছর বয়সে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন তিনি।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এত দিন ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ইউনিভার্স বস। ১৩ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন প্রিটোরিয়াস।
শুক্রবার (২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে এই রেকর্ড গড়েন বাঁহাতি ওপেনার। ৭৯ বলের ইনিংসে ১৫টি চার ও ১৩টি ছক্কা হাঁকান তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৩৭ দশমিক ৯৭।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর আরও ১৬ বল খেলে ৪০ বলেই সেঞ্চুরি তুলে নেন। ৫৮ বলে পূর্ণ করেন দেড়শ রান।
তার বিধ্বংসী ব্যাটিংয়ে একপর্যায়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ায় ১৮৮ রানেই অপরাজিত থাকতে হয় তাকে। তার রেকর্ডগড়া ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটে ২৬৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইটানস।
জবাবে ব্যাট করতে নেমে টাইটানসের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি নাইটস। ১৭ দশমিক ২ ওভারে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ১২৪ রানের বড় জয় পায় টাইটানস।
আরও পড়ুন: বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ মাকেতা
সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে রয়েছেন প্রিটোরিয়াস। এর আগে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ম্যাচে ৫৩ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। এবার ঘরোয়া ক্রিকেটে ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে টি-টোয়েন্টির রেকর্ডবুকে নতুন অধ্যায় যোগ করলেন ২০ বছর বয়সী এই ব্যাটার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








