এশিয়ান গেমসে না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে মাঠে না নেমেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে লিটন দাসদের মাঠে নামার কথা ছিল। তবে ম্যাচ শুরুর সাড়ে তিন ঘণ্টা আগেই তা বাতিল করা হয়। র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।
এর আগে সোমবার বৃষ্টির কারণে দুটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। মাঠের পরিস্থিতি অনুকূলে না থাকায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে বাতিল করা হয়।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা রয়েছে।
সেমিফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় পাকিস্তান জয়ী হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে।
আরও পড়ুন: মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের
এদিকে বৃষ্টির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলও বিড়ম্বনায় পড়েছিল। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় জ্যোতির দল সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








