স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাঠের বাইরে বেকহ্যামের বাজিমাত, বিশ্বকাপে আয় ১১০০ কোটি টাকা

মাঠের বাইরে বেকহ্যামের বাজিমাত, বিশ্বকাপে আয় ১১০০ কোটি টাকা

ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে বাণিজ্যিক কার্যক্রমে বড় সাফল্য পেয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। বিশ্বকাপের বছরে তাঁর ব্যবসা থেকে বিতরণ করা মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০০ কোটি টাকা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেকহ্যামের ব্র্যান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে এ বিপুল মুনাফা করেছে।

২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে বেকহ্যামের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত ছিল ম্যাকডোনাল্ডস, ভেরাইজন, পেপসি ও লেজের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। বিশ্বকাপ ঘিরে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারণায় বেকহ্যামের ব্র্যান্ডের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

শুধু মুনাফাই নয়, বিশ্বকাপের বছরে বেকহ্যামের ব্যবসার মোট আয়ও বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, তার ব্র্যান্ডের আয় ২০ শতাংশ বেড়ে ৮ কোটি ৪০ লাখ পাউন্ডে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।

ফুটবল ক্যারিয়ারে ইংল্যান্ড জাতীয় দল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন বেকহ্যাম। অবসরের পর সেই তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন বড় বাণিজ্যিক সাম্রাজ্য।

আরও পড়ুন: আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

মাঠের ক্যারিয়ার শেষ হলেও বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা এখনো ব্যবসায়িক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্ব সেই বাণিজ্যিক অবস্থানকে আরও বিস্তৃত করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়