‘মিরপুরের রাড্ডা সেন্টার ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে’
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেছেন, ঘটনায় যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, হামলার খবর পেয়ে শুক্রবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গে তার কথা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। বিভিন্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের ঘটনা সরকার বা তারা কেউই চান না। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
জায়গাটি নিয়ে কোনো সমিতি ও এমসিএইচ-এফপি সেন্টারের মধ্যে আইনি বিরোধ থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে উল্লেখ করে প্রশাসক বলেন, জায়গা বা স্থাপনা নিয়ে কোনো সমস্যা থাকলে আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে।
ভাঙচুরের পর সেখানে টিকাদান কর্মসূচি চালু রাখা যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে সেখানে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা কার্যক্রম চালিয়ে যাবেন। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা দেওয়া হবে।
দীর্ঘ সময় ধরে একটি স্থাপনা ভাঙার ঘটনা ঘটলেও প্রশাসন কেন তা ঠেকাতে পারেনি এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, তার জানা মতে, সেখানে পাকা ভবনের পরিবর্তে টিনশেড ও সেমিপাকা ধরনের স্থাপনা ছিল। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রতি তাঁদের কোনো সমর্থন নেই।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভিযোগ, মুখোশধারী ২৫০ জনের বেশি ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড-এর ব্যানারে এ ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। জমি দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি তাদের। জায়গাটি নিয়ে বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও দখলচেষ্টার অভিযোগ রয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার দাবি করেছেন, হামলা ও লুটপাটে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁর অভিযোগ, লুট হওয়া মালপত্রের মধ্যে সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি, ওষুধ, ভ্যাকসিন, প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি, কম্পিউটার, ল্যাপটপ ও চিকিৎসাসামগ্রী রয়েছে।
এ ঘটনায় ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।
তিনি জানান, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি এলাকার দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি এলাকার হাজারো মানুষের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
হামলার পর সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং ক্ষতিপূরণ দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রাড্ডা নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই তিনি ঘটনাস্থলে যান। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








