স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু 

আজ থেকে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু 

ছবি: সংগৃহীত

দেশজুড়ে দ্বিতীয় দফার বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ শনিবার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও এবার বিশেষ ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এবার ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় রাজধানীর বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল টিঅ্যান্ডটি খেলার মাঠে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন।

এর আগে গত রবিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় গত এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে বিশেষ হামের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। ওই কর্মসূচিতে এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এতে লক্ষ্যমাত্রার ১০২ থেকে ১০৪ শতাংশ অর্জিত হয়।

তিনি জানান, পরবর্তী সময়ে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে দুই কোটি ২৩ লাখ শিশুকে ভিটামিন এ দেওয়া হয়। এ সময় দেখা যায়, আগের টিকাদান কর্মসূচিতে প্রায় ৪৩ লাখ শিশু বাদ পড়েছে। পরে মপ-আপ ক্যাম্পেইনের মাধ্যমে এরই মধ্যে আরও ১৯ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

ফলে এখনো ২৪ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। এর সঙ্গে গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা আরও প্রায় ১০ লাখ শিশু যুক্ত হয়েছে। সব মিলিয়ে এবারের ক্যাম্পেইনে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ১০ সেপ্টেম্বর ইউনিসেফের কাছ থেকে আরও ৪৩ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে। এর আগে মজুত ছিল ১৫ লাখ ডোজ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫৫, সেপ্টেম্বরে মৃত্যু ১১৪

সব মিলিয়ে বর্তমানে ৫৮ লাখ ডোজ টিকা মজুত রয়েছে। ১০ শতাংশ অপচয় হিসাব করলেও প্রায় ৫২ লাখ ডোজ টিকা ব্যবহারযোগ্য থাকবে। ফলে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পরও পর্যাপ্ত টিকা অবশিষ্ট থাকবে বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়