জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুজন পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস লচনা এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। অপর দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন: নিখোঁজের দুই দিন পর ধানমন্ডি লেকে মিলল ভাসমান মরদেহ

তিনি আরও জানান, মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়