ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ বদল, নতুন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চলবে।
রবিবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এবার দিবসটি ২৩ সেপ্টেম্বর হওয়ায় ছুটির তারিখও পরিবর্তন করা হয়েছে।
ফলে ২৩ সেপ্টেম্বর বুধবার ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে।
এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানপ্রধানের হাতে থাকা সংরক্ষিত ছুটি থেকে ছুটি দেওয়া হলে টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: প্রাথমিকে যোগদান করছে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষক
সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটির আওতায় থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








