তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন আদালতে ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

মার্কিন আদালতে ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নের গতি কমাতে অবৈধ সমঝোতার অভিযোগে চারটি শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একটি অ্যান্টিট্রাস্ট মামলা হয়েছে।

শুক্রবার অ্যানথ্রোপিক, ওপেনএআই, স্পেসএক্সএআই ও গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি দায়ের করা হয়। 

রবিবার (২০ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানগুলো এআই উন্নয়নের গতি কমাতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে, যা প্রতিযোগিতাবিরোধী আইনের লঙ্ঘন হতে পারে।

বাদীপক্ষের দাবি, এ ধরনের সমন্বয়ের ফলে এআই খাতে স্বাভাবিক প্রতিযোগিতা বাধাগ্রস্ত হতে পারে এবং চ্যাটজিপিটি, ক্লড, গ্রোক ও জেমিনির মতো পেইড এআই সেবার গ্রাহকেরা অর্থের বিনিময়ে প্রত্যাশিত মূল্য থেকে বঞ্চিত হতে পারেন।

মামলাটি চারজন পেইড এআই ব্যবহারকারীর পক্ষ থেকে করা হয়েছে। তারা চ্যাটজিপিটি, ক্লড, গ্রোক ও জেমিনির মতো প্রিমিয়াম সেবা ব্যবহার করেন। প্রস্তাবিত ক্লাস-অ্যাকশন মামলাটিতে যুক্তরাষ্ট্রের অন্যান্য পেইড এআই গ্রাহকদেরও অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর এ বিষয়ে প্রকাশ্য আলোচনা শুরু হয়। সেদিন অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই নিরাপত্তা জোরদারের জন্য প্রযুক্তিটির উন্নয়নের গতি কিছুটা ধীর করার বিষয়ে শিল্পজুড়ে সহযোগিতার আহ্বান জানান। একই দিনে ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, স্পেসএক্সএআইয়ের ইলন মাস্ক এবং গুগল ডিপমাইন্ডের ডেমিস হাসাবিসও প্রস্তাবটির প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।

বাদীপক্ষের প্রধান আইনজীবী নিক রোলে অভিযোগ করেন, এআই নিরাপত্তা ও নীতিমালা নির্ধারণের বিষয়টি বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর পারস্পরিক সমঝোতার ওপর ছেড়ে দিলে তা ভোক্তা ও প্রতিযোগিতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তবে এখন পর্যন্ত অ্যানথ্রোপিক, ওপেনএআই, গুগল ও স্পেসএক্সএআইয়ের পক্ষ থেকে মামলাটি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে আমোদেই তার প্রাথমিক প্রস্তাবেই অ্যান্টিট্রাস্ট আইনের সম্ভাব্য জটিলতার কথা উল্লেখ করেছিলেন। তার মতে, বিভিন্ন এআই গবেষণাগারের মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা সহজ করতে মার্কিন সরকারের মধ্যস্থতা বা আইনি অনুমোদনের প্রয়োজন হতে পারে।

অন্যদিকে স্যাম অল্টম্যান জানিয়েছিলেন, ওপেনএআই এআই নিরাপত্তার জন্য সরকার নির্ধারিত একটি অভিন্ন কাঠামোকে স্বাগত জানায়। তবে নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু করতে অ্যান্টিট্রাস্ট ছাড়পত্র বা নতুন আইনের জন্য অপেক্ষা করা প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: রোবট তৈরি করছে রোবট, চীনে চালু নতুন কারখানা

এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়টি সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে। একই সঙ্গে প্রযুক্তির উন্নয়নের গতি, প্রতিযোগিতা এবং এআই নিরাপত্তা নিয়ে বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের সম্ভাব্য আইনি সীমা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়