চলন্ত গাড়িতে ফোন ব্যবহারে বমিভাব কমাবে গুগলের ‘মোশন অ্যাসিস্ট’
প্রতীকী ছবি
চলন্ত গাড়িতে ফোনের পর্দায় তাকিয়ে থাকলে অনেকেরই বমি বমি ভাব বা অস্বস্তি হয়। এই সমস্যা কমাতে গুগলের তৈরি মোশন অ্যাসিস্ট সুবিধা এখন পিক্সেল ফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৭–চালিত অন্যান্য ফোনেও ব্যবহার করা যাচ্ছে। স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজের ফোনেও মিলছে সুবিধাটি।
মোশন অ্যাসিস্ট চালু করলে ফোনের পর্দার কিনারায় ছোট ছোট বুদ্বুদের মতো চিহ্ন দেখা যায়। ফোনের বিভিন্ন মোশন সেন্সরের মাধ্যমে গাড়ির গতিবিধি শনাক্ত করে এসব বুদ্বুদও সে অনুযায়ী নড়াচড়া করে। গাড়ি বাঁক নিলে, গতি বাড়ালে কিংবা ব্রেক করলে পর্দার বুদ্বুদগুলোর অবস্থানও পরিবর্তিত হয়।
গুগলের মতে, চলন্ত গাড়িতে ফোন ব্যবহারের সময় চোখ ও শরীর থেকে মস্তিষ্কে যাওয়া সংকেতের মধ্যে যে অসামঞ্জস্য তৈরি হয়, তা কমাতেই এই সুবিধা তৈরি করা হয়েছে। ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখ স্থির দৃশ্য দেখছে বলে মস্তিষ্কে সংকেত পাঠায়। অন্যদিকে ভেতরের কান গাড়ির গতি ও নড়াচড়া সম্পর্কে ভিন্ন সংকেত দেয়। এই দুই ধরনের সংকেতের অসামঞ্জস্যের কারণে অনেকের মোশন সিকনেস বা গতিজনিত অস্বস্তি হতে পারে।
মোশন অ্যাসিস্ট পর্দায় গাড়ির গতির সঙ্গে সামঞ্জস্য রেখে বুদ্বুদ সরিয়ে এই অসামঞ্জস্য কমানোর চেষ্টা করে। ফলে গাড়ি, বাস বা ট্রেনে চলার সময় ফোন ব্যবহারে অস্বস্তি কিছুটা কমতে পারে।
গত আগস্টের শেষ দিকে প্রথম পিক্সেল ফোনে মোশন অ্যাসিস্ট চালু করে গুগল। পরে সেপ্টেম্বরের অ্যান্ড্রয়েড ফিচার ড্রপের অংশ হিসেবে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও সুবিধাটি চালুর ঘোষণা দেওয়া হয়। প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক মিশাল রহমানের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১৭–চালিত ফোনে এখন সাধারণভাবে মোশন অ্যাসিস্ট ব্যবহার করা যাচ্ছে। তবে বর্তমানে নির্দিষ্ট কিছু পিক্সেল ও স্যামসাং ফোনেই অ্যান্ড্রয়েড ১৭ পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজও এর মধ্যে রয়েছে।
মোশন অ্যাসিস্ট ব্যবহারের জন্য পুরো অপারেটিং সিস্টেম হালনাগাদ করার প্রয়োজন নেই। গুগল প্লে সার্ভিসেসের মাধ্যমে সুবিধাটি সরবরাহ করা হচ্ছে। তাই ফোনে অ্যান্ড্রয়েড ১৭ থাকার পাশাপাশি গুগল প্লে সার্ভিসেসের সর্বশেষ সংস্করণও ইনস্টল থাকা প্রয়োজন। অ্যান্ড্রয়েড ১৭ হালনাগাদ করার পরও মোশন অ্যাসিস্ট দেখা না গেলে ফোনটি একবার রিস্টার্ট করে দেখতে পারেন।
যেভাবে চালু করবেন
মোশন অ্যাসিস্ট চালু করতে প্রথমে ফোনের সেটিংস অপশনে যেতে হবে। এরপর নিজের প্রোফাইলে গিয়ে All services নির্বাচন করতে হবে। সেখান থেকে Personal & device safety অপশনে গেলে মোশন অ্যাসিস্ট চালু করার সুবিধা পাওয়া যাবে।
পিক্সেল ফোনের ব্যবহারকারীরা চাইলে মোশন অ্যাসিস্ট Quick Settings প্যানেলেও যুক্ত করতে পারবেন। এতে সেটিংস মেনুতে না গিয়েই দ্রুত সুবিধাটি চালু করা যাবে। ফোন চলন্ত গাড়িতে রয়েছে শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে মোশন অ্যাসিস্ট চালু করার ব্যবস্থাও রয়েছে।
মোশন অ্যাসিস্টে পর্দায় দেখা বুদ্বুদের রং, আকৃতি ও স্বচ্ছতাও পরিবর্তন করা যায়। লাল, হলুদ, সবুজ, নীলসহ বিভিন্ন রঙের থিম থেকে পছন্দেরটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। বুদ্বুদ কতটা স্বচ্ছ বা গাঢ় দেখাবে, সেটিও নির্ধারণ করা যায়। Randomization সুবিধা চালু করলে কয়েক সেকেন্ড পরপর বুদ্বুদের রং ও আকৃতি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে।
আরও পড়ুন: মার্কিন আদালতে ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
ধারণাটি নতুন নয়
গুগলের মোশন অ্যাসিস্টের ধারণাটি অবশ্য একেবারে নতুন নয়। Motion Cues নামে এই সুবিধার প্রাথমিক সংস্করণের সন্ধান পাওয়া যায় ২০২৪ সালের ডিসেম্বরেই অ্যান্ড্রয়েডের কোডে। তবে এরপর বেশ কয়েক মাস এটি অভ্যন্তরীণ পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল।
সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ, যেমন লকস্ক্রিন বা কুইক সেটিংসের ওপর বুদ্বুদ দেখানোর ক্ষেত্রে প্রাথমিক সংস্করণে প্রয়োজনীয় সিস্টেম অনুমতির সীমাবদ্ধতা ছিল। পরে গুগল সেই সীমাবদ্ধতা দূর করে। ফলে এখন ফোনের বিভিন্ন ইন্টারফেসজুড়েই মোশন অ্যাসিস্টের বুদ্বুদ দেখা সম্ভব।
গুগলের মোশন অ্যাসিস্টের ধারণার সঙ্গে অ্যাপলের Motion Cues সুবিধারও বেশ মিল রয়েছে। আইফোন ব্যবহারকারীরা আইওএস ১৮ থেকেই চলন্ত অবস্থায় ফোন ব্যবহারের সময় গতিজনিত অস্বস্তি কমাতে এই সুবিধা ব্যবহার করতে পারছেন। সূত্র: নিউজ১৮ ডটকম
নিউজবাংলাদেশ.কম/এসবি








