মারিবে হুথিদের সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
ছবি: সংগৃহীত
ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের রাজধানী মারিব সিটির কাছে হুথি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়েছে দেশটির সরকারি বাহিনীর। ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, প্রায় ২৪ ঘণ্টার এই সংঘাতে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন। এ সময় হুথিদের নয়টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি রবিবার আরব নিউজকে এ তথ্য জানান। তার ভাষ্য অনুযায়ী, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত মারিবের দক্ষিণাঞ্চলের হেরেব, মালা ও উম রিশসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই হয়। সরকারি বাহিনীর পাল্টা হামলার মুখে হুথি যোদ্ধারা কয়েকটি অবস্থান থেকে পিছু হটেছে।
আল-হাতেমি বলেন, সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন এবং বাকিরা পালিয়ে গেছে। তাদের নয়টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মারিব প্রদেশজুড়ে হুথিদের বিভিন্ন অবস্থান, সামরিক সমাবেশ ও শক্তিশালী ঘাঁটিতে বিমান হামলাও চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। তবে সরকারি বাহিনীর নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেননি আল-হাতেমি।
এদিকে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় শনিবার অন্তত ৫০ জন যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। তাদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। তবে ওই ব্যক্তিরা সাম্প্রতিক মারিবের সংঘর্ষেই নিহত হয়েছেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ইয়েমেনের চলমান সংঘাতের মধ্যে মারিব গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হিসেবে বিবেচিত। প্রদেশটিতে গত এক দশকে সংঘাত থেকে পালিয়ে দুই মিলিয়নেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে মারিবে তেল ও গ্যাসক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো রয়েছে।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিদের সঙ্গে সরকারি বাহিনীর দীর্ঘ সংঘাত চলে আসছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে দেশটির বিভিন্ন ফ্রন্টে আবারও তীব্র লড়াই শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে হুথিরা পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে এবং সরকারি বাহিনী বিভিন্ন এলাকায় পাল্টা অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
ইয়েমেনি সেনাবাহিনীর এই দাবির পাশাপাশি হুথিদের পক্ষ থেকে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন কোনো হিসাব পাওয়া যায়নি। আল-হাতেমি দাবি করেছেন, হুথিরা তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করছে না এবং যুদ্ধক্ষেত্রে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ যোদ্ধা নিহত হচ্ছে। তবে এই হিসাবও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








