যুক্তরাষ্ট্রের বদলে চীনে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর সময় স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান গন্তব্যে না পৌঁছে হংকংয়ে চলে গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ চালানে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা ককপিটের স্বচ্ছ আবরণ ছিল। যুদ্ধবিমানের স্টিলথ সক্ষমতার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি অংশ।
জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে যন্ত্রাংশগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করেছিল একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরিবর্তে চালানটি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে চলে যায়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ওই যন্ত্রাংশগুলো কোথায় এবং কার কাছে রয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সেগুলো চীনের হাতে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় গত জুনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কংগ্রেসের যৌথ তদন্ত শুরু হয়। তদন্ত এখনো চলছে। নিখোঁজ যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি কীভাবে সেগুলো গন্তব্যের পরিবর্তে হংকংয়ে পৌঁছাল এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকানো যায় এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এফ-৩৫-এর ক্যানোপি শুধু ককপিট ঢাকার স্বচ্ছ আবরণ নয়। এর ওপর বিশেষ ধরনের স্বচ্ছ উপাদান ব্যবহার করা হয়, যা যুদ্ধবিমানটির রাডার প্রতিফলন কমাতে সহায়তা করে।
তবে সময়ের সঙ্গে এই বিশেষ আবরণ ক্ষতিগ্রস্ত বা কার্যকারিতা হারাতে পারে। এ কারণে নির্দিষ্ট সময় পর ক্যানোপি পরিবর্তনের প্রয়োজন হয়।
আরও পড়ুন: ভারতে পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা, শিক্ষার্থীর আত্মহত্যা
এফ-৩৫ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর ব্যবহৃত অন্যতম আধুনিক স্টিলথ যুদ্ধবিমান। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ১ হাজার ৩০০টির বেশি এফ-৩৫ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








