মাতৃত্বের পর বডি-শেমিং, নীরবতা ভাঙলেন ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত
মাতৃত্বের পর নিজের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও বডি-শেমিংয়ের মুখোমুখি হচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এসব সমালোচনার সরাসরি জবাব না দিয়ে মাতৃত্বের পর নিজের শারীরিক পরিবর্তন, ত্বকের যত্ন এবং সৌন্দর্য সম্পর্কে বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, সন্তান জন্মের পর তার ত্বক আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। ফলে কোন প্রসাধনী তার ত্বকের জন্য উপযোগী, তা বুঝতে শুরুতে বেশ সমস্যায় পড়তে হয়েছে তাকে।
অভিনেত্রীর ভাষ্য, এই সময়ে ত্বককে শান্ত ও স্বস্তি দেওয়ার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখা এবং ত্বকের স্বাভাবিক সুরক্ষাবর্ম বজায় রাখার দিকে বেশি মনোযোগী হয়েছেন তিনি। নির্দিষ্ট কোনো রুটিন অন্ধভাবে অনুসরণ না করে ত্বকের প্রয়োজন বুঝে যত্ন নেওয়াকেই এখন বেশি গুরুত্ব দেন ক্যাটরিনা।
স্ট্রেস, প্রদাহ, ভ্রমণ ও পরিবেশগত বিভিন্ন বিষয় সংবেদনশীল ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘ শুটিং, সেটের অতিরিক্ত আলো এবং ব্যস্ত জীবনযাত্রার মধ্যেও ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এই অভিনেত্রী।
ক্যারিয়ারের শুরুর সময়ের কথা স্মরণ করে ক্যাটরিনা জানান, তখন সৌন্দর্যকে ঘিরে কিছু নির্দিষ্ট মানদণ্ড ও স্টিরিওটাইপের মধ্যে থাকতে হতো। সময়ের সঙ্গে সেই ধারণা তার কাছে বদলে গেছে।
এখন ভালো দেখা বলতে কেবল বাহ্যিক সৌন্দর্য বোঝেন না ক্যাটরিনা। তার কাছে ভালো থাকা এবং ভেতর থেকে ভালো অনুভব করাটাই সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। এ জন্য স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শারীরিক সক্রিয়তা, মেডিটেশন, সকালের আলোয় কিছু সময় কাটানো এবং ডিজিটাল ডিভাইস থেকে বিরতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
ত্বকের যত্নের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক পদ্ধতির ওপর জোর দিয়েছেন ক্যাটরিনা। তার মতে, রাতারাতি ত্বকে বড় ধরনের পরিবর্তন এনে দেওয়ার প্রতিশ্রুতির চেয়ে নিয়মিত ও পরিমিত যত্ন বেশি গুরুত্বপূর্ণ।
শিট মাস্ক ও হালকা সিরাম ব্যবহার করলেও তার বর্তমান স্কিনকেয়ার দর্শনের মূল ভিত্তি তিনটি- ক্লিনসিং, রিপেয়ার ও প্রোটেকশন। একই সঙ্গে প্রতিদিন ত্বকের অবস্থা বুঝে প্রয়োজন অনুযায়ী নিজের রুটিনেও পরিবর্তন আনেন তিনি।
আরও পড়ুন: শুটিং সেটে পোশাক নিয়ে অস্বস্তিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা
২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হয় ক্যাটরিনা কাইফের। গত বছরের নভেম্বরে তাঁদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান বিহান। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে পারিবারিক সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। মাতৃত্বের কারণে আপাতত অভিনয়জগৎ থেকে সাময়িক বিরতিতে রয়েছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








