ফিলিস্তিনে ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা মার্কিন র্যাপার ম্যাকলমোরের
র্যাপার ম্যাকলমোর। ছবি: সংগৃহীত
ফিলিস্তিন ইস্যুতে সরগরম মার্কিন সংগীতাঙ্গন। ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেওয়ার পর এড শিরানের মিউজিক ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। এ ঘটনায় শিরানের সফরসঙ্গীদের আরও কয়েকজন সরে দাঁড়িয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়ার ঘটনায় অভিযোগের তির এড শিরানের দিকে গেলেও তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত তার নয়। বরং আয়োজক প্রতিষ্ঠানের সিদ্ধান্তেই ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া হয়েছে।
এর মধ্যেই ফিলিস্তিনের জন্য বড় অঙ্কের সহায়তার ঘোষণা দিয়েছেন ম্যাকলমোর। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনের জনগণকে সহায়তা করা ছয়টি সংগঠনকে এড শিরানের লুপ ট্যুর থেকে পাওয়া তার পুরো নিট আয় ১০ লাখ ডলার দান করবেন।
একই সঙ্গে জিলেট স্টেডিয়ামের মালিক বিলিয়নিয়ার রবার্ট ক্রাফটকেও সমপরিমাণ অর্থ ফিলিস্তিনে সহায়তার জন্য দান করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে ম্যাকলমোরের এই আহ্বানে ক্রাফটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সেপ্টেম্বরের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে মঞ্চে উঠে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন ম্যাকলমোর। এ সময় তিনি ফিলিস্তিন ইস্যুতে রাজনৈতিক বক্তব্যও দেন। এরপরই তাকে এড শিরানের সফর থেকে বাদ দেওয়া হয়।
ম্যাকলমোর এ ঘটনায় রবার্ট ক্রাফটকেও দায়ী করেছেন। তার অভিযোগ, ক্রাফট অন্য স্টেডিয়াম মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ভেন্যুতে ম্যাকলমোরকে পারফর্ম করতে না দেওয়ার জন্য প্রভাবিত করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে ক্রাফটের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ম্যাকলমোর তার অনুদানের ঘোষণা দেন।
তিনি বলেন, গত কয়েক দিনের আলোচনাকে আবার ফিলিস্তিনের মানুষের দিকে ফিরিয়ে নিতে চান তিনি। তার ভাষ্য, লুপ ট্যুর থেকে পাওয়া ১০ লাখ ডলার নিট আয় ফিলিস্তিনের জনগণকে সরাসরি সহায়তা করা ছয়টি সংগঠনকে দেওয়া হবে।
আরও পড়ুন: ১৫ দিনে ঢাকায় ৩ মেগা কনসার্ট, মঞ্চে কাবিশ-আসিম
ম্যাকলমোর আরও বলেন, মতপার্থক্য থাকলেও ফিলিস্তিনের মানুষের জীবন রক্ষার বিষয়ে সবাই একমত হতে পারেন। পোস্টের শেষে তিনি আবারও ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। সূত্র: ভ্যারাইটি
নিউজবাংলাদেশ.কম/এসবি








