ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন
ছবি: সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে তিনজন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র) এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
মির্জা ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
অন্যদিকে মনোনয়ন ফরম সংগ্রহের পর ওবায়দুল্লাহ মাসুদ বলেন, তিনি ৪৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৯ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজের জিএস এবং ১৯৯০ সালে ভিপি ছিলেন বলেও জানান তিনি। বিগত ১৭ বছরে হামলা-মামলার শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, দল তাকে মনোনয়ন দিলে আসনটি দলকে উপহার দিতে পারবেন বলে তিনি মনে করেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ করা হয়। পূরণ করা ফরম বুধবার (১৬ সেপ্টেম্বর) একই সময়ের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ২১ আগস্ট থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। পরে জাতীয় সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে আসনটি শূন্য ঘোষণা করে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
আরও পড়ুন: ঢাকা উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক কায়েম
মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার পর বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে স্থানীয় নেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়। ১৮ সেপ্টেম্বরের দলীয় প্রক্রিয়ার পর এই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারণের কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








