স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা হিসেবে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

র‍্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুড়িগ্রামে বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।

গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত নাফিছুর রহমানকে র‍্যাবে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলে বদলি করা হয়েছে।

নৌ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. সোহেল মিয়াকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বদলি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত মো. আজিজুর রহমান খানকে সহকারী পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনায় বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার অরুপ রতন সরকারকে সহকারী পুলিশ সুপার হিসেবে নওগাঁর সাপাহার সার্কেলে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: ইসি সচিব

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২৭ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়