দাম বাড়লো নিম্নস্তরের সিগারেটের, প্রজ্ঞাপন জারি
ফাইল ছবি
দেশে নিম্নস্তরের বা কমদামি সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনটি বুধবার (১৬ সেপ্টেম্বর) জারি হলেও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।
নতুন সিদ্ধান্তে শুধু নিম্নস্তরের সিগারেটের মূল্য পরিবর্তন করা হয়েছে। অন্যান্য স্তরের দাম আগের মতোই থাকছে। এর মধ্যে প্রতি ১০ শলাকা মধ্যম স্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল রাখা হয়েছে। অর্থাৎ নিম্নস্তরের সিগারেটের ক্ষেত্রে আগের নির্ধারিত ৬২ টাকার তুলনায় নতুন মূল্য ৩ টাকা বাড়ল।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এর আগে সব স্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। একই সঙ্গে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়।
এরপর নিম্নস্তরের সিগারেটের মূল্য আরও ৩ টাকা বাড়ানোর প্রস্তাব সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এখন প্রজ্ঞাপন জারি করে নতুন মূল্য কার্যকর করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলো। মন্ত্রিসভার অনুমোদনের সময় সরকারের পক্ষ থেকে নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের কারণ হিসেবে অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ ও রাজস্ব ঘাটতি কমানোর বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
এনবিআরের চলতি বছরের আগের একটি প্রজ্ঞাপনেও তামাকজাত পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্কসংক্রান্ত কাঠামো নির্ধারণের তথ্য রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








