মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে সবাই একসঙ্গে অপ্রশস্ত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। একপর্যায়ে অনেকে পা পিছলে পড়ে যান এবং নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এছাড়া অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে।
ঘটনার খবর পেয়ে ময়মনসিংহের পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশনের মোট ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে অতিরিক্ত ইউনিটগুলো ফিরিয়ে নেওয়া হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে চারটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা মেশিনের সঙ্গে সংযুক্ত বোর্ডে অতিরিক্ত উত্তাপ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, আগুনের তীব্রতা খুব বেশি ছিল না। তবে কন্ট্রোল রুম থেকে প্রচুর ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।
আরও পড়ুন: রাজধানীতে এক নারীসহ ৫ অজ্ঞাত মরদেহ উদ্ধার
হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের চিকিৎসা ওয়ার্ডগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক সংযোগে কোনো অভ্যন্তরীণ ত্রুটি ছিল কি না এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








