‘১৭ সেপ্টেম্বরের পর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত’
ছবি: সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি এবং ঢাকা মহানগরীর মেগা প্রকল্পগুলোর কারণে সৃষ্ট জনভোগান্তি নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা মহানগরীর মেগা প্রকল্প সংক্রান্ত একটি সমন্বয় সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরা হয়।
সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক স্থানীয় সরকার নির্বাচনের যে সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, নির্বাচন কমিশন ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের যে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, তা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা তফসিল নয়। নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনি এখতিয়ার অনুযায়ী স্বাধীনভাবে কাজ করলেও, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সুনির্দিষ্ট সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
স্থানীয় সরকার আইন অনুযায়ী এ ধরনের নির্বাচন আয়োজনে সরকারের সঙ্গে আলাপ-আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমে এই সম্ভাব্য সূচিকে যেভাবে চূড়ান্ত বা নিশ্চিত তফসিল হিসেবে প্রচার করা হয়েছে, তা সঠিক নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সংশ্লিষ্ট সচিবদের সুনির্দিষ্ট মতামতের আলোকেই নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং ভবিষ্যতের তফসিল সাজানো হবে। তাই ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
ঢাকা মহানগরীতে চলমান ও নির্ধারিত মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে নগরবাসীর যে তীব্র যানজট ও দুর্ভোগ পোহাতে হয়, তা নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তায় হচ্ছে নতুন ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো নগরবাসীকে স্বস্তি দেওয়া, জনভোগান্তি কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা। বিশেষ করে বর্ষা মৌসুমে অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির যে পুরনো প্রবণতা রয়েছে, তা এবার প্রকট আকার ধারণ করতে দেখা গেছে। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য আন্তসংস্থার মধ্যে কঠোর সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এখন থেকে একই সময়ে ইউটিলিটি শিফটিং বা অন্যান্য নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাসমূহকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
চলমান এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ওয়াসা এবং ডেসাসহ সংশ্লিষ্ট সকল সংস্থার মেগা প্রকল্পগুলোর কাজ নিবিড়ভাবে তদারকির জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সার্বিক কাজের অগ্রগতি পর্যালোচনা করতে এখন থেকে প্রতি ১৫ দিন পরপর এই সমন্বয় সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে কর্মকর্তা পর্যায়ে সাবকমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে।
এছাড়া, ব্যাটারিচালিত অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং অবৈধ চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। তবে সরকার চায় না যে রাতারাতি বিপুল সংখ্যক মানুষ কর্মহীন বা বেকার হয়ে পড়ুক।
রাজধানীর গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে যারা সাময়িক আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাদের কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী শক্তির দুষ্কৃতকারীরা মাঝেমধ্যে কিছু অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাটি মূলত একটি রায়কে কেন্দ্র করে ঘটানো হয়েছে।
এছাড়া গুলশানে জুমার নামাজ আদায় করার নাম করে অল্প কিছু লোক জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল এবং ভিডিও তৈরি করে অপপ্রচার চালিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় সংঘটিত এসব ঘটনার সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে ইতোমধ্যে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এটিকে পুলিশের গোয়েন্দা ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ। পুলিশ বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।
ব্রিফিংয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান যে, এ বিষয়ে সরকারের কাছে নতুন করে কোনো হালনাগাদ তথ্য নেই, সংসদে যা বলা হয়েছে সেটিই এখন পর্যন্ত সর্বশেষ আপডেট।
নিউজবাংলাদেশ.কম/পলি








