জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার জিনাজপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির কাছে আসাদুলের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

নিহত আসাদুল হক (৩৮) পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৩৩৩ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টার সময় বিএসএফের গুলিতে আসাদুলসহ তিন বাংলাদেশি আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হকের মৃত্যু হয়।

আহত অপর দুজন হলেন পীরগঞ্জ উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম ও নারায়ণের ছেলে শ্রী উদা। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠায় ভারতীয় পুলিশ।

স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের বরাতে জানা গেছে, শনিবার ভোররাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমা এলাকায় ৬ থেকে ৭ জন বাংলাদেশি মই দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিন বাংলাদেশি আহত হন। পরে তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসাদুল হককে মৃত ঘোষণা করেন।

ভারতীয় পুলিশের পক্ষ থেকে আসাদুল হকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করার পর তা বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। একই ঘটনায় আহত দুই বাংলাদেশির বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়। পরে তাদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

এদিকে আসাদুলের মৃত্যুর ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা দেখা দিলে রবিবার দুপুরে চান্দেরহাট সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির কর্মকর্তারা এবং বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে আসাদুল হকের মরদেহ দ্রুত দেশে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার রাত ১০টার দিকে বিএসএফ মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন: কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, বিভিন্ন মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রবিবার রাত ১০টার দিকে বিএসএফ আসাদুলের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়